বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমী প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তাঁকে নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’, যা এবার মুক্তি পাচ্ছে ইউটিউবে।
সিনেমাটি নির্মাণ করেছেন সৈয়দ আর ইমন। শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। প্রথমে এটি টেলিফিল্ম হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়, যেখানে সিনেমাটির দৈর্ঘ্য ছিল ১ ঘণ্টা ২০ মিনিট। পরবর্তীতে নতুন করে সম্পাদনা ও সংযোজন করে সিনেমাটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়া হয়। এখন এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১ ঘণ্টা ৫৬ মিনিট।
ইমন জানিয়েছেন, ২০২৪ সালে সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত ছিল। কিন্তু জুলাইয়ের গণ-অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রেও নানা জটিলতায় সিনেমা হল পাওয়া যায়নি। তাই অবশেষে রোজার ঈদকে সামনে রেখে সিনেমাটি ইউটিউব চ্যানেল ‘বিডিফিল্মস ইউএসএ’-তে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্মাতা ইমন বলেন, “এটি মূলত সময়ের সঙ্গে বদলে যাওয়া মানবিক সম্পর্ক ও পারিবারিক মূল্যবোধের গল্প। আধুনিক জীবনে মানুষ ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে না—এই বাস্তবতা থেকেই গল্পের ভাবনা।” তিনি আশা প্রকাশ করেছেন, দর্শকরা গল্পটি পছন্দ করবেন।
‘অর্ধাঙ্গিনী’তে মৌসুমীর পাশাপাশি অভিনয় করেছেন তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেল, সুমিত চৌধুরী, নওশীন মৃদুলা ও জয় চৌধুরীসহ আরও অনেকে। সিনেমাটির প্রযোজক তরিকুল ইসলাম মিঠু এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী হাসান তামজিদ।