সর্বশেষ

চরিত্রদের ফার্স্ট লুক প্রকাশ

ঈদে মুক্তি পাচ্ছে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭
ঈদে মুক্তি পাচ্ছে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা বনলতা এক্সপ্রেস। তরুণ নির্মাতা তানিম নূর ইতোমধ্যেই সিনেমার শুটিং শেষ করেছেন এবং মুক্তির প্রস্তুতি চলছে। বুধবার প্রকাশিত ফার্স্ট লুক টিজারে দর্শকরা সিনেমার চরিত্রগুলোর সঙ্গে পরিচিত হয়েছেন।

 

ফেসবুকে দেওয়া এক পোস্টে তানিম লিখেছেন, “‘বনলতা এক্সপ্রেস’-এ যাত্রা শুরু করার জন্য তৈরি তো সবাই, এবার তবে যাত্রীদের সাথে পরিচয় হয়ে যাক।”  

 

সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজসহ আরও অনেকে। সাবিলা নূর অভিনয় করেছেন চিত্রা চরিত্রে, মোশাররফ করিমকে দেখা গেছে রাশিদ উদ্দিন চরিত্রে, শরীফুল রাজ অভিনয় করেছেন ড. আশহাব চরিত্রে।
 

এছাড়াও জাকিয়া বারী মম হয়েছেন আফিয়া, শ্যামল মাওলা করেছেন আজিজ চরিত্র, আজমেরী হক বাঁধন হয়েছেন সুরমা। আর চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন মিস্টার এ কে কে চরিত্রে।

 

তানিম জানিয়েছেন, সিনেমার দৃশ্যধারণ শেষ হয়েছে গত মাসে। বর্তমানে সম্পাদনা শেষ করে সাউন্ড ও মিউজিকের কাজ চলছে। তিনি বলেন, “সিনেমায় বেশ কিছু দারুণ গান আছে। ঈদের আগেই দুই একটা গান প্রকাশের ইচ্ছে আছে। আশা করি দর্শকরা গানগুলো পছন্দ করবেন।”  

 

অভিনয়শিল্পীদের নিয়ে তানিম বলেন, “যারা অভিনয় করেছেন সবাই খুব দারুণ করেছেন। খুব এনজয় করে আমরা শুটিংটা করেছি। এত বড় শিল্পীদের সঙ্গে কাজ করা আমার জন্য অসাধারণ অভিজ্ঞতা। তাদের নিষ্ঠা ও আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।”  

 

প্রত্যাশা নিয়ে তিনি বলেন, “আমার আগের সিনেমা ‘উৎসব’-এর মতো ‘বনলতা এক্সপ্রেস’ও দর্শকের প্রত্যাশা পূরণ করবে। একে তো হুমায়ূন আহমেদের গল্প থেকে নির্মাণ, আর আমরা সবাই মিলে চেষ্টা করেছি ভালো কিছু করার।”  

 

হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ-এর যৌথ প্রযোজনায় নির্মিত বনলতা এক্সপ্রেস মুক্তি পাবে আগামী রোজার ঈদে।

সব খবর