সত্তরের দশকের জনপ্রিয় অ্যাকশনধর্মী টিভি সিরিজ ‘চার্লিস এঞ্জেলস’ আবার ফিরছে পর্দায়। ছয় বছর বিরতির পর সনি পিকচার্স নতুন করে সিরিজটির রিবুট আনছে বলে জানিয়েছে দ্য হলিউড রিপোর্টার।
মূল সিরিজটি শুরু হয়েছিল ১৯৭৬ সালে এবং ১৯৮১ সাল পর্যন্ত টিভিতে প্রচারিত হয়। নারী গোয়েন্দাদের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাক্লিন স্মিথ, কেইট জনসন ও ফারাহ ফসেট। সিরিজটি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পায়।
২০০০ সালে সনি প্রথম সিনেমা আনে, যেখানে অভিনয় করেছিলেন ড্রু ব্যারিমোর, ক্যামেরন ডিয়াজ ও লুসি লিউ। এটি বক্স অফিসে সফল হয়। ২০০৩ সালে আসে চার্লিস এঞ্জেলস: ফুল থ্রটল, এটিও ব্যবসায়িকভাবে সফল ছিল। তবে ২০১১ সালে নতুন টিভি সিরিজ আনা হলেও মাত্র সাত পর্বের পর বন্ধ হয়ে যায়। ২০১৯ সালের রিবুট সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়।
সনি এবার নারী গোয়েন্দা নির্ভর এই গল্পকে আধুনিক প্রেক্ষাপটে সাজাতে চাইছে। চিত্রনাট্যের দায়িত্ব দেওয়া হয়েছে পিট কিয়ারেলিকে, যিনি ক্রেজি রিচ এশিয়ানস এবং দ্য প্রোপোজাল–এর মতো সফল কাজ করেছেন। তাঁর অভিজ্ঞতা অ্যাকশন ও কমেডি মিশ্রণে গল্পটিকে নতুনভাবে সাজাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
প্রথম দিকের সিনেমার তারকা ড্রু ব্যারিমোর এবং তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ফ্লাওয়ার ফিল্মস নতুন এই প্রকল্পে যুক্ত হতে পারে বলে জানা গেছে। ব্যারিমোর ২০০০ ও ২০০৩ সালের সিনেমায় অভিনয় করেছিলেন এবং ব্র্যান্ডটিকে জনপ্রিয় করে তুলেছিলেন। এবার তিনি প্রযোজক হিসেবে যুক্ত হলে সিরিজটির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়বে।
সনি পিকচার্স এখনো আনুষ্ঠানিকভাবে প্রযোজক ও অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেনি। তবে ভক্তরা আশা করছেন, নতুন রিবুটটি পুরনো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে সক্ষম হবে। নারী গোয়েন্দাদের গল্পকে আধুনিক দর্শকের কাছে আবারও আকর্ষণীয় করে তুলতে সনি এবার ভিন্নধর্মী কৌশল নিচ্ছে।