সর্বশেষ

মুক্তি পাবে আসন্ন ঈদে

চার নারী চরিত্রকে কেন্দ্র করে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০
চার নারী চরিত্রকে কেন্দ্র করে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। তাঁর নির্মিত ‘প্রেশার কুকার’ মুক্তি পাচ্ছে আসন্ন ঈদে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম অফিসিয়াল পোস্টার, যেখানে চার নারী চরিত্রকে ভিন্ন ভিন্ন আবহে উপস্থাপন করা হয়েছে। নায়কবিহীন এই পোস্টার ইতিমধ্যেই দর্শকদের মাঝে কৌতূহল তৈরি করেছে।

 

এই ছবির কেন্দ্রীয় চার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। তাঁদের জীবনের সংগ্রাম, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং শহুরে বাস্তবতার চাপই গল্পের মূল বিষয়। নির্মাতা জানিয়েছেন, ঢাকা শহরে নারীদের প্রতিদিনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট আর অদৃশ্য লড়াই থেকেই এই গল্পের জন্ম। তাঁর ভাষায়, শহরটি নারীদের জন্য যেন এক ‘প্রেশার কুকার’—যেখানে নীরব আর্তনাদ সহ্যের সীমা ছাড়িয়ে গেলে বেজে ওঠে সিটির শব্দ।  

 

বাংলা বাণিজ্যিক ধারার সিনেমায় প্রধান কোনো পুরুষ চরিত্র ছাড়াই চার নারীকে কেন্দ্র করে গল্প বলা নিঃসন্দেহে সাহসী ও ভিন্নধর্মী উদ্যোগ। রাফীর বিশ্বাস, এই ছবির মাধ্যমে মূলধারার সিনেমায় নতুন এক ধারা তৈরি হবে।  

 

ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যানারে নির্মিত ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। এর আগে তিনি ‘পরাণ’, ‘সুরঙ্গ’ ও ‘তুফান’-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এবার তিনি ঢাকার নাগরিক জীবনের সামাজিক টানাপোড়েন ও নারীদের ব্যক্তিগত সংগ্রামকে নতুন আঙ্গিকে বড় পর্দায় তুলে ধরতে চান।  

 

পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ বেড়েছে। বিশেষ করে নারী চরিত্রের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা কাহিনীতে কীভাবে ফুটে উঠবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ঈদে মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের কাছে নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে আশা করা হচ্ছে।

সব খবর