সর্বশেষ

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৫

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৪
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৫

নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একই পরিবারের বাবা-ছেলেসহ এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। সোমবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে খলিল শেখ গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত শেখ, ভাগিনা ফেরদৌস ও মুন্না শেখ ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে খায়ের গ্রুপের ওসিকুর রহমান গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরে সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে লোকজন এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে গ্রামের খলিল শেখ তার ছেলে তাহাজ্জত ও ফেরদৌস শেখকে ধরে এনে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন মারা যান এবং পরে সদর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।  

 

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে কাজ শুরু করে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার ভোরে সংঘর্ষে প্রাণহানি ঘটে।  

 

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় টহল জোরদার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। নিহতদের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে।

 

এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মো. আল মামুন শিকদার বলেন, ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সব খবর