সর্বশেষ

আমিরাতে প্রবাসীদের ধরপাকড়, নিঃস্ব হয়ে ফিরছেন শত শত বাংলাদেশি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৫
আমিরাতে প্রবাসীদের ধরপাকড়, নিঃস্ব হয়ে ফিরছেন শত শত বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় জোরদার হওয়ায় শত শত বাংলাদেশি প্রবাসী আটক হয়ে দেশে ফিরছেন। অনেকেই অভিযোগ করছেন, দেশীয় স্পন্সরকে মোটা অঙ্কের টাকা দেওয়ার পরও ভিসা নবায়ন করা হয়নি। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা অবৈধ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত কারাভোগ শেষে এক কাপড়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন।

 

সম্প্রতি শারজাহ শহরে বিক্রয়কর্মী হিসেবে কাজ করা কুমিল্লার চৌদ্দগ্রামের মোহাম্মদ কামরুল দুই বছর অবৈধভাবে বসবাসের পর আটক হন। প্রথমে শারজার কারাগারে রাখা হলেও পরে তাকে আবুধাবির সুইহান কারাগারে স্থানান্তর করা হয়। সেখান থেকে গত ১৮ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। একই ফ্লাইটে আরও ১৭ জন বাংলাদেশি দেশে ফিরে আসেন। কামরুল জানান, সাত বছর আমিরাতে থাকার পর শেষবার ভিসা নবায়নের জন্য স্থানীয় বাংলাদেশি স্পন্সরকে সাত হাজার দিরহাম (প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা) দিলেও কোনো কাজ হয়নি।

 

এমন ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন বরিশালের মোহাম্মদ শাহীন, বগুড়ার বাবুল মিয়া, নোয়াখালীর সুবর্ণচরের জাকির হোসেন, চাঁদপুর মতলবের ছমির উদ্দিন এবং সিলেটের মোহাম্মদ মিজান। তাদের অভিযোগ, স্পন্সরের অবহেলা ও প্রতারণার কারণেই তারা অবৈধ হয়ে পড়েন এবং কারাভোগের পর দেশে ফিরতে বাধ্য হন। মিজান জানান, সুইহান কারাগারে অসংখ্য বাংলাদেশি এখনো আটক রয়েছেন। কেউ কেউ ভিজিট ভিসায় গিয়ে অবৈধভাবে থাকার পর ধরা পড়েছেন। কারাভোগের মেয়াদ শেষ হলে তাদের নির্বাসিত করা হচ্ছে।

 

আবুধাবি দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ উল্লাহ খান জানান, চলতি বছরের ১ জুলাই থেকে গত মঙ্গলবার পর্যন্ত আউটপাসের মাধ্যমে ৫০২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে আগস্ট মাসেই ফিরেছেন ১৮৪ জন। সর্বশেষ ৯ দিনে নির্বাসিত হয়েছেন আরও ৭৯ জন। যাদের সঙ্গে পাসপোর্ট ছিল, তাদের তথ্য নথিভুক্ত করা হয়নি।

 

সংশ্লিষ্টরা বলছেন, দুবাই ও উত্তর আমিরাতের ছয়টি প্রদেশ থেকে আরও বেশি বাংলাদেশি নির্বাসিত হচ্ছেন। তবে সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। দুবাই কনস্যুলেট থেকেও সাম্প্রতিক আউটপাসের সংখ্যা নিশ্চিত করা যায়নি।

 

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, অবৈধ বাংলাদেশির সঠিক সংখ্যা দূতাবাসের কাছে নেই। অধিকাংশ প্রবাসী যোগাযোগ করেন না। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অভিযোগ করলেও অনেক সময় ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তবে বাংলাদেশ মিশনের তথ্যমতে, গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দেওয়া সাধারণ ক্ষমায় প্রায় ৫০ হাজার বাংলাদেশি বৈধতা নিশ্চিত করেছেন। এ সময় প্রায় ৬১ হাজার ই-পাসপোর্ট ও ১৩ হাজার এমআরপি পাসপোর্ট ইস্যু করা হয়। একই সময়ে ট্রাভেল পারমিট নিয়ে দেশে ফেরেন পাঁচ হাজার ৬৫৭ বাংলাদেশি।

 

বিশ্লেষকরা বলছেন, স্পন্সরদের অবহেলা ও প্রবাসী কর্মীদের সচেতনতার অভাবে হাজারো পরিবার নিঃস্ব হয়ে দেশে ফিরছে, যা প্রবাসী আয় নির্ভর অর্থনীতির জন্যও হুমকিস্বরূপ।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার