সর্বশেষ

জাতীয় মহাসড়কে মৃত্যু মিছিল

জানুয়ারিতে সড়কেই ঝরল ৫৪৬ প্রাণ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০
জানুয়ারিতে সড়কেই ঝরল ৫৪৬ প্রাণ

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৯৭টি দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত ও ১ হাজার ২৩৮ জন আহত হয়েছেন। এর মধ্যে শুধু সড়ক দুর্ঘটনাতেই প্রাণ গেছে ৫৪৬ জনের, আহত হয়েছেন ১ হাজার ২০৪ জন। তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

 

রোববার সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। জানুয়ারিতে সারা দেশে ৫৫২টি সড়ক দুর্ঘটনা ঘটে। একই সময়ে রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও ২৮ জন আহত এবং নৌপথে ৮টি দুর্ঘটনায় ৭ জন নিহত, ৬ জন আহত ও ৩ জন নিখোঁজ হন।

 

প্রতিবেদন অনুযায়ী, মোট দুর্ঘটনার ৩৭.৮৬ শতাংশই মোটরসাইকেলকেন্দ্রিক। ২০৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৩ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছেন, যা মোট নিহতের ৪০ শতাংশের বেশি। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩২টি দুর্ঘটনায় ১৩৩ জন নিহত হন। সিলেটে সর্বনিম্ন ২৯টি দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে।

 

নিহতদের মধ্যে ১২৭ জন চালক, ৮৯ জন পথচারী, ৫৭ জন শিক্ষার্থী, ৫৪ জন নারী, ৪৮ জন শিশু ও ২১ জন পরিবহন শ্রমিক রয়েছেন। দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে মোটরসাইকেল ২৮.৪৬ শতাংশ, ট্রাক-পিকআপ-লরি ২৩.৬৪ শতাংশ এবং বাস ১৪.৩৫ শতাংশ।

 

দুর্ঘটনার ধরনে দেখা গেছে, ৪৮.৩৬ শতাংশ ক্ষেত্রে গাড়িচাপা, ২৮.৬২ শতাংশ মুখোমুখি সংঘর্ষ এবং ১৬.৮৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনা ঘটেছে। জাতীয় মহাসড়কে সবচেয়ে বেশি—৪২.৫৭ শতাংশ দুর্ঘটনা হয়েছে।

 

সংগঠনটি বলছে, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যান, বেপরোয়া গতি ও ট্রাফিক আইন অমান্যই দুর্ঘটনার মূল কারণ। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইন প্রয়োগ, ডিজিটাল ফিটনেস ব্যবস্থা, সিসিটিভি নজরদারি ও নিয়মিত রোড সেফটি অডিটের দাবি জানিয়েছে।

সব খবর