টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই আজ মাঠে গড়াচ্ছে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম-এ সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রাজনৈতিক টানাপোড়েন, বয়কটের গুঞ্জন, অর্থনৈতিক হিসাবের নাটকীয়তা পেরিয়ে শেষ পর্যন্ত ২২ গজের মহারণে নামছে দুই দল।
বয়কট থেকে মাঠে ফেরা
ঘটনার সূত্রপাত প্রায় দেড় মাস আগে। উগ্রবাদীদের দাবির মুখে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়া হয় মোস্তাফিজুর রহমান-কে। নিরাপত্তা শঙ্কা তুলে বিশ্বকাপে ভারতে খেলতে আপত্তি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাধিক বৈঠকেও সমাধান না এলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবি নাকচ করে। এমনকি টাইগারদের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়।
এই প্রেক্ষাপটে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের গুঞ্জন জোরালো হয়। শেষ পর্যন্ত সরকারি সিদ্ধান্তে ভারত ম্যাচ বর্জনের কথা জানালেও ত্রিপক্ষীয় আলোচনায় পরিস্থিতি বদলায়। বিসিবির আনুষ্ঠানিক অনুরোধ এবং অন্যান্য সদস্য দেশের সহায়ক বার্তা বিবেচনায় নিয়ে ম্যাচে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ।
অর্থনীতির বড় মঞ্চ
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিপুল অর্থনৈতিক প্রভাব। আইসিসির হিসাবে, এক ম্যাচ ঘিরেই প্রায় ১৭৮ মিলিয়ন ডলারের বাণিজ্যিক সংশ্লেষ। কলম্বোয় তাই উৎসবের আমেজ। প্রেমাদাসার ৩৫ হাজার আসনের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। কালোবাজারে টিকিটের দাম চার গুণ পর্যন্ত উঠেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর। ফ্লাইট ও হোটেল ভাড়াও আকাশছোঁয়া, সাধারণত ১০০–১৫০ ডলারের কক্ষ এখন ৬৬০ ডলার পর্যন্ত উঠেছে।
হাত মেলাবে কি দুই দল?
হাইভোল্টেজ ম্যাচ ঘিরে আরেক প্রশ্ন খেলার আগে করমর্দন হবে কি? গত বছরের এশিয়া কাপে রাজনৈতিক উত্তেজনার জেরে একাধিকবার করমর্দন এড়িয়ে যায় দুই দল। এবার সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা বলেন, “ওরা কী করবে, তা ওদের সিদ্ধান্ত। কালই দেখা যাবে।” মাঠের লড়াইয়ের বাইরে এই প্রতীকী মুহূর্তও নজরে রাখছেন ভক্তরা।
পরিসংখ্যান বলছে…
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের লড়াই হয়েছে আটবার। ভারতের জয় সাতটি, পাকিস্তানের একটি (২০২১ সালে ১০ উইকেটে)। সামগ্রিক টি-টোয়েন্টি দ্বৈরথে ১৬ দেখায় ১২ বার জিতেছে ভারত, তিনবার পাকিস্তান; একটি ম্যাচ টাই।
বৃষ্টির শঙ্কা, নিয়ম কী বলছে?
রবিবার কলম্বোয় ৫০–৬৫ শতাংশ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ম্যাচ শুরু ভারতের সময় সন্ধ্যা ৭টা, নির্ধারিত সমাপ্তি ১০টা ১০। আইসিসি ৬০ মিনিট অতিরিক্ত সময় রেখেছে; অর্থাৎ রাত ১১টা ১০-এর মধ্যে খেলা শেষ করতে হবে। টি-টোয়েন্টি ম্যাচ বৈধ হতে দুই দলকেই অন্তত ৫ ওভার করে ব্যাট করতে হবে। ৫ ওভার সম্পন্ন হলেই ফল নির্ধারণ সম্ভব।
গ্রুপ পর্বে কোনো রিজার্ভ ডে নেই। ফলে বৃষ্টিতে ৫ ওভারও সম্ভব না হলে ম্যাচ পরিত্যক্ত হবে এবং দুই দল ১ পয়েন্ট করে পাবে। সে ক্ষেত্রে উভয়ের পয়েন্ট দাঁড়াবে ৩ ম্যাচে ৫। এতে দুদলেরই সুপার এইটে ওঠা প্রায় নিশ্চিত, কারণ বাকি দলগুলোর পক্ষে ৫ পয়েন্টে পৌঁছানো কঠিন। তবে আবহাওয়াবিদেরা আশা জাগিয়ে বলেছেন, কলম্বো সময় রাত ৯টার পর বৃষ্টির সম্ভাবনা কমে ১০ শতাংশে নামতে পারে।
সব অনিশ্চয়তা সত্ত্বেও ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে আছেন ২২ গজের দিকে যেখানে ইতিহাস, আবেগ ও প্রতিদ্বন্দ্বিতা মিলেমিশে তৈরি করে এক অনন্য নাটকীয়তা।