সর্বশেষ

২ আনসার সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ২৩:২৫
মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ

মানিকগঞ্জ সদর হাসপাতালে নাইট ডিউটির সময় এক নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুইজন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতের এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জের নানার বাড়িতে যাচ্ছিলেন। পথে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে রাত আনুমানিক দেড়টার দিকে তারা মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। সেখানে কর্তব্যরত দুই আনসার সদস্যের সঙ্গে কথা হলে তারা দম্পতিকে হাসপাতালের ভেতরে যাওয়ার পরামর্শ দেন।

 

পুলিশ সুপার জানান, আনসার সদস্যরা দম্পতি সত্যিই স্বামী-স্ত্রী কিনা—এমন যাচাইয়ের কথা বলে নারীকে হাসপাতালের দোতলায় নিয়ে যান। এ সময় নারীর স্বামীকে নিচে আরেক আনসার সদস্যের কাছে রেখে দেওয়া হয়। পরে পরিকল্পিতভাবে স্বামীকে খাবার কিনে আনার কথা বলে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।

 

এই সুযোগে দোতলায় থাকা নারীকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। কিছু সময় পর স্বামী ফিরে এসে স্ত্রীর আচরণে সন্দেহ করেন। হাসপাতাল থেকে বেরিয়ে টহলরত পুলিশের কাছে গেলে ভুক্তভোগী নারী ঘটনার কথা জানান।

 

পুলিশ সুপার জানান, ভয়ভীতি দেখানো হয়েছিল বলে নারী প্রথমে স্বামীর কাছে পুরো ঘটনা বলতে পারেননি। পরে পুলিশের কাছে বিস্তারিত জানালে তাৎক্ষণিকভাবে দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

 

ভুক্তভোগী নারী বর্তমানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা ও মানসিক সহায়তা নিচ্ছেন। তিনি এখনো চরম ট্রমার মধ্যে রয়েছেন। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর অভিভাবক হিসেবে তার নানা মানিকগঞ্জে পৌঁছালে মামলাটি আনুষ্ঠানিকভাবে দায়ের করা হবে।

 

ঘটনাটি হাসপাতালের নিরাপত্তা ও দায়িত্বশীল বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সব খবর