সর্বশেষ

যুদ্ধের প্রভাবে বাড়ছে ব্যয় ও অনিশ্চয়তা

ইউরোপে পণ্য পাঠাতে সংকটে বাংলাদেশি পোশাক রফতানিকারকরা

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৮:৩০
ইউরোপে পণ্য পাঠাতে সংকটে বাংলাদেশি পোশাক রফতানিকারকরা

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক ও আকাশপথে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। লোহিত সাগর ও সুয়েজ খালসহ উপসাগরীয় গুরুত্বপূর্ণ রুটগুলো কার্যত অচল হয়ে পড়ায় ইউরোপে পণ্য পাঠাতে সংকটে পড়েছেন বাংলাদেশি পোশাক রফতানিকারকরা। একই ধরনের সমস্যার মুখে পড়েছে দক্ষিণ এশিয়ার অন্যান্য বড় উৎপাদক দেশ ভারত ও পাকিস্তানও।

 

রফতানি খাতসংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধের প্রভাব এখন শুধু আঞ্চলিক নিরাপত্তায় সীমাবদ্ধ নেই; এটি সরাসরি প্রভাব ফেলছে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে। বিশেষ করে দ্রুত সরবরাহনির্ভর ফ্যাশন শিল্পে এর প্রভাব বেশি পড়ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অন্যতম প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্প নতুন ঝুঁকির মুখে পড়েছে।

 

দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পোশাক উৎপাদন কেন্দ্র। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কারখানা থেকে ইউরোপের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডে নিয়মিত পোশাক সরবরাহ করা হয়। এসব পণ্যের একটি উল্লেখযোগ্য অংশ জরুরি ভিত্তিতে আকাশপথে ইউরোপে পাঠানো হয়। তবে সাম্প্রতিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় সেই সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

 

সংঘাত শুরুর পর বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক হাব দুবাই বিমানবন্দর কয়েকদিনের জন্য কার্যত বন্ধ রাখতে বাধ্য হয়। একই সঙ্গে কাতার এয়ারওয়েজ, এমিরেটস ও ইত্তিহাদসহ উপসাগরীয় অঞ্চলের প্রধান বিমান সংস্থাগুলো বিপুলসংখ্যক যাত্রী ও কার্গো ফ্লাইট বাতিল করেছে। ফলে ইউরোপ ও অন্যান্য বাজারে পাঠানোর জন্য প্রস্তুত পোশাকের চালান ঢাকাসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়ছে।

 

দক্ষিণ এশিয়া থেকে পণ্য পরিবহনে উপসাগরীয় অঞ্চলের এয়ারলাইনগুলোর ওপর বড় ধরনের নির্ভরতা রয়েছে। বাংলাদেশের মোট এয়ার কার্গোর অর্ধেকের বেশি উপসাগরীয় হাব হয়ে পরিবাহিত হয়। ভারতের ক্ষেত্রেও এই হার প্রায় ৪১ শতাংশ। বিশেষ করে এমিরেটস ও কাতার এয়ারওয়েজ ইউরোপমুখী কার্গো পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

শুধু আকাশপথ নয়, সমুদ্রপথেও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে ইউরোপগামী অধিকাংশ কনটেইনার জাহাজ সাধারণত লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে যায়। কিন্তু সংঘাতের কারণে ওই সামুদ্রিক রুটগুলো এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে অনেক জাহাজ বিকল্প দীর্ঘ রুটে চলাচল করতে বাধ্য হচ্ছে। এতে বাড়ছে পরিবহন সময় ও খরচ।

 

নিরাপত্তা ঝুঁকি এবং বীমা ব্যয় বৃদ্ধি পাওয়ায় অনেক শিপিং কোম্পানি নতুন বুকিং নেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে। কেউ কেউ সাময়িকভাবে বুকিং স্থগিত করেছে, আবার কেউ বিকল্প রুটে চলাচলের কারণে ভাড়া বাড়িয়েছে। এর ফলে রফতানিকারকদের জন্য কনটেইনার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

 

বাংলাদেশি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় ১০ শতাংশ আকাশপথে এবং ৪০ থেকে ৫০ শতাংশ উপসাগরীয় রুট হয়ে সমুদ্রপথে পরিবহন করা হয়। তিনি জানান, আগে ভারতের ট্রানজিট সুবিধা ব্যবহার করে পণ্য পাঠানো যেত, কিন্তু সেই সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথ সীমিত হয়ে গেছে। বর্তমানে প্যাসিফিক রুট ব্যবহার করতে হচ্ছে, যা তুলনামূলকভাবে বেশি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।

 

এদিকে রফতানি খাত ইতোমধ্যে ধারাবাহিক চাপের মুখে রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে বাংলাদেশের মোট পণ্য রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে। এ সময়ে তৈরি পোশাক রফতানি হয়েছে প্রায় ২ হাজার ৫৭৯ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম।

 

খাতসংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে পরিবহন ব্যয় আরও বাড়বে এবং ভবিষ্যতের ক্রয়াদেশেও নেতিবাচক প্রভাব পড়বে। ফলে দেশের রফতানি প্রবৃদ্ধি আরও চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

 

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, অতীতে লোহিত সাগরে সংকট তৈরি হলে জাহাজগুলোকে কেপটাউন ঘুরে যেতে হয়েছিল, যার ফলে পরিবহন খরচ বহুগুণ বেড়ে গিয়েছিল। বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের ঝুঁকি তৈরি হয়েছে বলে তিনি সতর্ক করেছেন।

সব খবর

আরও পড়ুন

মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি সংকট

প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি সংকট

ন্যাশনাল ব্যাংক সহ চার ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ন্যাশনাল ব্যাংক সহ চার ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

খাদ্যপণ্যের দাম বাড়ায় ১০ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে

মূল্যস্ফীতি আবারও নয় শতাংশ ছাড়াল খাদ্যপণ্যের দাম বাড়ায় ১০ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে

সদ্য বিদায়ী গভর্নরের সাধন বিশ্লেষণ

সদ্য বিদায়ী গভর্নরের সাধন বিশ্লেষণ

ব্রয়লার মুরগির দাম কেজি ২০০ টাকা ছাড়াল

এক সপ্তাহে বেড়েছে ৫০-৬০ টাকা ব্রয়লার মুরগির দাম কেজি ২০০ টাকা ছাড়াল

গ্যাস সংকটে ১৫ দিনের জন্য বন্ধ চার রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানা

কৃষিখাতে বিপর্যয়ের শঙ্কা গ্যাস সংকটে ১৫ দিনের জন্য বন্ধ চার রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানা

জিডিপির প্রবৃদ্ধি পাঁচ বছরে সর্বনিম্ন

অর্থবছর ২০২৪-২৫ জিডিপির প্রবৃদ্ধি পাঁচ বছরে সর্বনিম্ন

নতুন গভর্নরের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানালো টিআইবি

নতুন গভর্নরের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানালো টিআইবি