প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দারিদ্র্যের কারণে পাহাড়ি ছেলেমেয়েরা ঠিকমতো পড়াশোনা করতে পারে না। অভিভাবকরাও অনেক সময় সন্তানদের পড়াশোনা করাতে আগ্রহী হন না।
রবিবার (১৮ জানুয়ারি) খাগড়াছড়ির টাউন হলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা-সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, পার্বত্য অঞ্চলে শিশুদের পড়াশোনার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় হলো দারিদ্র্য। দারিদ্র্যের কারণে শিশুরা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। অভিভাবকরাও অনেক সময় সন্তানদের শিক্ষার প্রতি উদাসীন থাকেন। এছাড়া দুর্গমতা ও যোগাযোগ ব্যবস্থার প্রতিকূলতার কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা নানা সমস্যার মুখোমুখি হন।
সভায় তিনি আরও উল্লেখ করেন, পাহাড়ি শিশুদের পড়াশোনায় ভাষাগত সমস্যাও বড় বাধা। বর্তমানে অনেক বিদ্যালয়ে বাঙালি শিক্ষক কর্মরত আছেন, যারা পাহাড়ি জনগোষ্ঠীর ভাষা জানেন না। ফলে শিক্ষার্থীদের বোঝাতে ও বুঝতে সমস্যা হয়। এ কারণে পাহাড়ি ভাষাভাষী শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা আগেই মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল।
উপদেষ্টা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাইলেই রাতারাতি সব সমস্যা সমাধান করতে পারে না। তবে বিদ্যমান সক্ষমতার ভিত্তিতে শিক্ষার মান উন্নয়নে কাজ চলছে। তিনি প্রস্তাব করেন, দুর্গমতা ও দারিদ্র্যের সমস্যার সমাধানে আবাসিক বিদ্যালয় স্থাপন একটি কার্যকর উদ্যোগ হতে পারে।
সভায় উপস্থিত প্রধান শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করা। এই বিকাশ মানসিক ও শারীরিক উভয় ক্ষেত্রেই হতে হবে। পড়াশোনার পাশাপাশি শিশুদের নৈতিক বিকাশ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার বিষয়েও শিক্ষকদের সচেতন থাকতে হবে।
মতবিনিময় সভার আগে তিনি খাগড়াছড়ি ও রাঙামাটির প্রত্যন্ত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলেন। সেখানে শিক্ষকদের বহুমুখী সমস্যা ও চ্যালেঞ্জের কথা তিনি বিস্তারিতভাবে শোনেন।
সবশেষে তিনি বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে। পাহাড়ি অঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।