ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা গেছে, এবার প্রায় ৯৩ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন। পাশের হার মাত্র ৭.২৯ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৭ হাজার ৫৫৩ জন। বাতিলকৃত শিক্ষার্থীর সংখ্যা ৫ জন। মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪ হলেও আবেদন করেছিলেন ১ লাখ ৭ হাজার ৭১২ জন। অর্থাৎ প্রতি আসনের জন্য লড়েছেন প্রায় ৩৫ জন শিক্ষার্থী।
শাখাভিত্তিক উত্তীর্ণের সংখ্যা হলো— মানবিক শাখায় ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখায় ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৪৬৩ জন।
এর আগে ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশিত হয়। সেখানে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন। ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৩৪ হাজার ৬২ জন। পরীক্ষায় প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করেছেন ৩২ জন শিক্ষার্থী।
এই ইউনিটে আসন বণ্টন ছিল— ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার জন্য ২৫টি।
গত ৬ ডিসেম্বর ঢাবি ক্যাম্পাস ছাড়াও ঢাকা শহর এবং বাইরের চারটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
ফলাফলে দেখা যাচ্ছে, ঢাবির ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা যেমন তীব্র হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতিও স্পষ্ট হয়ে উঠছে। মাত্র কয়েক শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় ভর্তি পরীক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।