সর্বশেষ

প্রত্যেকেই বিএনপি ও সহযোগী সংগঠনে পদধারী

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ইউজিসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ২৩:৩৬
সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ইউজিসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

দেশের শীর্ষ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ মোট সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান পদেও পরিবর্তন এসেছে।

 

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন নতুন ইউজিসি চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নাম ঘোষণা করেন।

 

ইউজিসিতে নতুন চেয়ারম্যান

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যান করা হয়েছে। তিনি অধ্যাপক এস এম এ ফায়েজের স্থলাভিষিক্ত হচ্ছেন।

 

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজকে ইউজিসির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিল।

 

তবে সোমবার তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। কয়েক ঘণ্টার মধ্যেই তার স্থলাভিষিক্ত হিসেবে অধ্যাপক মামুন আহমেদের নাম ঘোষণা করা হয়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক মামুন আহমেদ দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

১৯৬৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা মামুন আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ১৯৯৬ সালে তিনি শিক্ষক হিসেবে যোগ দেন। একই বছর জাপানের নিহন ইউনিভার্সিটি থেকে মলিকুলার ভাইরোলজিতে পিএইচডি সম্পন্ন করেন।

 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপিপন্থী সাদা প্যানেলের প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও নির্বাচিত হয়েছিলেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি এতদিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

তিনি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

 

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে পরিবর্তিত পরিস্থিতিতে অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। পরে বিএনপি সরকার গঠনের কয়েকদিন পর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

 

অধ্যাপক ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৯ সালে জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।

 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. রইছ উদ্দীন। তিনি বিশ্ববিদ্যালয়টির অষ্টম উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে দায়িত্ব পাওয়া দ্বিতীয় উপাচার্য।

 

তিনি অধ্যাপক মো. রেজাউল করিমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

 

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অন্তর্বর্তী সরকার সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে উপাচার্যের দায়িত্ব দিয়েছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই আবার এই পদে পরিবর্তন আনা হলো।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান।

 

তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। উপাচার্যের দায়িত্বে তিনি অধ্যাপক মোহাম্মদ ইয়াহইয়া আখতারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

 

অধ্যাপক আল-ফোরকান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৯৩ সালে শিক্ষকতায় যোগ দেন। যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইন্ডিকা ধানের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি অর্জন করেন। পরে কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা এবং অ্যাগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলে পোস্টডক্টরাল গবেষণা করেন।

 

অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে অধ্যাপক সিদ্দিকুর রহমান খানকে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম খানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক মো. মাসুদ।

 

রাজনৈতিক বিবেচনার প্রশ্নে মন্ত্রীর প্রতিক্রিয়া

 

উপাচার্য পদের সবাই বিএনপি ও সহযোগী সংগঠনের পদধারী নেতা হওয়ায়, নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা কাজ করেছে কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, “একজন লোকের রাজনীতি করা কি অপরাধ? এটা কি তার ডিসকোয়ালিফিকেশন? ইটস নট ডিসকোয়ালিফিকেশন।”

 

তিনি দাবি করেন, সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে যোগ্য ও কর্মক্ষম শিক্ষকদেরই এসব গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, নতুন প্রশাসনিক নেতৃত্ব বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে সরকার আশা করছে।

সব খবর

আরও পড়ুন

সমালোচনার মুখে এমপিও আবেদন রিভিউ করবে সরকার

সমালোচনার মুখে এমপিও আবেদন রিভিউ করবে সরকার

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগের ঘোষণা

নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগের ঘোষণা

ঘুষ–বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ শিক্ষা মন্ত্রণালয়

বিদায়বেলায় ‘রকেট গতিতে’ এমপিও ঘুষ–বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ শিক্ষা মন্ত্রণালয়

সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের বিবৃতি সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

বই বিতরণে বিশৃঙ্খলা, নীতিতে স্থবিরতা, নেতৃত্বহীনতায় গভীর সংকট

শিক্ষা খাতে অন্তর্বর্তী সরকারের সর্বৈব ব্যর্থতা বই বিতরণে বিশৃঙ্খলা, নীতিতে স্থবিরতা, নেতৃত্বহীনতায় গভীর সংকট

তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ

চাহিদার এক-ষষ্ঠাংশ পেলেন নিয়োগ সুপারিশ তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ

নতুন শিক্ষাবর্ষের এক মাসেও পাঠ্যবই সংকট কাটেনি

সিন্ডিকেটে আটকে ৩০ লাখ বই নতুন শিক্ষাবর্ষের এক মাসেও পাঠ্যবই সংকট কাটেনি