সর্বশেষ

রাউজানে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ

ঘটনাস্থল পরিদর্শনে নাগরিক প্রতিনিধিদল, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯
ঘটনাস্থল পরিদর্শনে নাগরিক প্রতিনিধিদল, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি

চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর পৌরসভা এলাকায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে একটি নাগরিক প্রতিনিধিদল। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের নেতৃত্বে দলটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা, ক্ষতিপূরণ ও বিচার নিশ্চিতের দাবি জানায়।

 

প্রতিনিধিদলে ছিলেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান, মানবাধিকার কর্মী দীপায়ন খীসা, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সতেজ চাকমা, ব্লাস্টের চট্টগ্রাম ইউনিটের স্টাফ আইনজীবী তাসনিয়া আল সুলতানা, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তাওহীদ আহমেদ রানা এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের নেতা প্রিয় জ্যোতি চাকমা রিবেক। এ সময় স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনের সময় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত আরতি শীলের পোড়াভিটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিরা। অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, নির্বাচনের আগে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করতে এ ধরনের হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। “আমরা প্রার্থীদের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে কথা বলি, কিন্তু ভোটারদের নিরাপত্তা নিয়ে কথা বলি না। আক্রান্ত মানুষগুলো নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারবে কি না, সেটাই বড় প্রশ্ন,” বলেন তিনি।

 

 

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের বাড়িঘরের ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

 

নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, আসন্ন নির্বাচনের আগে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত না হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। প্রশাসনকে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে,” বলেন তিনি। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে নেওয়া মামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

 

ব্লাস্টের আইনজীবী তাসনিয়া আল সুলতানা জানান, এলাকাবাসীর মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। তিনি বলেন, “যে মামলাটি হয়েছে, তার পুলিশ রিপোর্ট দেওয়ার সময়সীমা পেরিয়ে গেছে, আবার নতুন করে পিছিয়েছে। তদন্তে বিলম্ব হলে বিচার পাওয়া কঠিন হয়ে পড়ে।” তিনি দ্রুত তদন্ত ও আইনি সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

 

ক্ষতিগ্রস্তদের মধ্যে মিঠুন শীল বলেন, ঘটনার দিন বাইরে থেকে তালা লাগিয়ে বাড়িতে আগুন দেওয়া হয়। “বাড়িতে বয়স্ক বাবা-মা ও শিশু ছিল। কোনো মতে বেড়া কেটে বের হয়ে প্রাণ বাঁচিয়েছি। আগুনে আমার পাসপোর্ট, কাতার যাওয়ার ওয়ার্ক পারমিট ও টিকিট সব পুড়ে গেছে,” বলেন তিনি। এখনো সরকারি কোনো সহায়তা পাননি বলেও অভিযোগ করেন তিনি।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। তবে তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন স্থানে রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। অন্তত নয়টি বাড়িতে তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কিছু ঘটনায় ব্যানার টানিয়ে রাজনৈতিক সংগঠনের নেতাদের নামও উল্লেখ করা হয়েছে বলে তারা দাবি করেন। বর্তমানে গ্রামবাসী রাত জেগে পাহারা দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন।

 

নাগরিক প্রতিনিধিদল বলেছে, সংখ্যালঘুদের ওপর হামলার এ ধরনের ঘটনা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, গণতান্ত্রিক পরিবেশ ও অবাধ নির্বাচনের ক্ষেত্রেও বড় হুমকি। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ, নিরাপত্তা জোরদার, ক্ষতিপূরণ ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

সব খবর

আরও পড়ুন

নির্বাচন ঘিরে সহিংসতায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসকের তীব্র উদ্বেগ

জানুয়ারিতে ৭৫ সংঘর্ষে নিহত ১১, আহত ৬১৬ নির্বাচন ঘিরে সহিংসতায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসকের তীব্র উদ্বেগ

ইউনূস আমলে ৬০০ রাজনৈতিক সহিংসতা, ‘৯২ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে ৬০০ রাজনৈতিক সহিংসতা, ‘৯২ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’

জানুয়ারিতে মব সন্ত্রাসে নিহত ২১, বেড়েছে অজ্ঞাত লাশ ও সংখ্যালঘু নির্যাতন

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্বেগ জানুয়ারিতে মব সন্ত্রাসে নিহত ২১, বেড়েছে অজ্ঞাত লাশ ও সংখ্যালঘু নির্যাতন

মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে ৭ স্থানে আগুন, আতঙ্কে রাত জেগে পাহারা

সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে ৭ স্থানে আগুন, আতঙ্কে রাত জেগে পাহারা

‘স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো’

কবর জিয়ারত শেষে সাদ্দাম ‘স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো’

নির্বাচনের কেন্দ্রবিন্দুতে মানবাধিকার সুরক্ষার আহ্বান

ইউনূসকে অ্যামনেস্টি সেক্রেটারি জেনারেলের চিঠি নির্বাচনের কেন্দ্রবিন্দুতে মানবাধিকার সুরক্ষার আহ্বান

ছাত্রলীগ নেতা সাদ্দাম ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা

৩৯ বিশিষ্ট নাগরিকের নিন্দা ও তদন্তের দাবি ছাত্রলীগ নেতা সাদ্দাম ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা

ছাত্রলীগে নেতাকে স্ত্রী ও শিশুসন্তানের জানাজায় যেতে না দেওয়া মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন

সারাদেশে তোলপাড়, আসক ও এমএসএফের বিবৃতি ছাত্রলীগে নেতাকে স্ত্রী ও শিশুসন্তানের জানাজায় যেতে না দেওয়া মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন