সর্বশেষ

৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু

১৫ বছর পর ফিরল চীন, টানা দ্বিতীয় বছর অনুপস্থিত বাংলাদেশ

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩০
১৫ বছর পর ফিরল চীন, টানা দ্বিতীয় বছর অনুপস্থিত বাংলাদেশ

কলকাতার ঐতিহ্যবাহী ৪৯তম আন্তর্জাতিক বইমেলা শুরু হলো বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে। সল্ট লেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত এই বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা, আর প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

 

এবারের বইমেলায় অংশ নিয়েছে ২০–২১টি দেশ। ১৫ বছর পর পুনরায় অংশ নিচ্ছে চীন, যা আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রথমবারের মতো অংশ নিচ্ছে ইউক্রেন। তবে বাজেট ও কূটনৈতিক অনুমোদনজনিত কারণে এবছরও অংশ নিচ্ছে না বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় বছরের মতো বাংলাদেশ অনুপস্থিত থাকায় হতাশ প্রকাশক ও সাহিত্যপ্রেমীরা।

 

বাংলাদেশ ১৯৯৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত একটানা এই বইমেলায় অংশ নিয়েছিল এবং তিনবার ‘ফোকাল কান্ট্রি’র মর্যাদা পেয়েছিল। এবছর বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় ‘বাংলাদেশ দিবস’ও পালন করা হচ্ছে না। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না আসায় বাংলাদেশের অংশগ্রহণ সম্ভব হয়নি।

 

এবারের ফোকাল কান্ট্রি আর্জেন্টিনা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার রবীন্দ্রনাথ গবেষক ও বিশিষ্ট লেখক গুস্তাভো কানজোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো আগুস্তিন কাউসিনো।

 

মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী ভাষণে বলেন, “বইমেলা আমাদের আবেগ ও সংস্কৃতি। ডিজিটাল যুগ এলেও বইপ্রেমীরা কমছেন না।” তিনি জানান, গতবার বইমেলায় এসেছিলেন প্রায় ২৭ লাখ মানুষ এবং বিক্রি হয়েছিল প্রায় ২৩ কোটি টাকার বই। আয়োজকদের আশা, এবছর সেই রেকর্ড ছাপিয়ে যাবে।

 

এবার মেলায় রয়েছে প্রায় ১১০০টি স্টল, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, উত্তম কুমারকে নিয়ে বিশেষ প্রদর্শনী এবং ভূপেন হাজারিকা, সলিল চৌধুরী ও মহাশ্বেতা দেবীর জন্মশতবর্ষ উদযাপন। কড়া নিরাপত্তা ও বিশেষ পরিবহন ব্যবস্থাও রাখা হয়েছে দর্শনার্থীদের সুবিধার্থে।

 

সব মিলিয়ে কিছু আন্তর্জাতিক ঘাটতি থাকলেও নতুন দেশ, সাহিত্যিক আয়োজন ও বৈচিত্র্যময় কর্মসূচিতে এবছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলা পাঠক ও সাহিত্যপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠছে।

সব খবর