সর্বশেষ

মন্ত্রীর সাথে বৈঠকে সিদ্ধান্ত

অবশেষে এবারের বইমেলা শুরু হচ্ছে ২৫ ফেব্রুয়ারি

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩
অবশেষে এবারের বইমেলা শুরু হচ্ছে ২৫ ফেব্রুয়ারি

দফায় দফায় সময় পেছানোর পর অবশেষে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে একুশের বইমেলা। বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশক- বিক্রেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে বইমেলা নিয়ে কয়েক মাস ধরে চলতে থাকা অনিশ্চয়তা কেটে গেল। বৈঠকে উপস্থিত অনন্যা প্রকাশনীর মনিরুল হক জানান, সিদ্ধান্ত অনুযায়ী এবারের বইমেলা ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত।

 

তিনি আরও জানান, এবারের মেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না পাশাপাশি প্রকাশকদের স্টল ভাড়াও দিতে হবে না। বৈঠকে উপস্থিত ছিলেন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সিনিয়র নেতৃবৃন্দ।  
 

রেওয়াজ অনুযায়ী এবারের বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের মেলায় প্রায় সাত শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা চলাকালীন অন্যান্যবারের মতো এবারও সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।
 

নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত এক প্রকাশক জানান, দফায় দফায় বইমেলার সময় পরিবর্তন নিয়ে বাংলা একাডেমীর তেলেসমাতি কর্মকাণ্ড সংস্কৃতি মন্ত্রীকে জানালে তিনি বিরক্তি প্রকাশ করেন।  
 

প্রকাশনা সংশ্লিষ্টরা জানান, বইমেলার ইতিহাসে এবারের মতো সময় নির্ধারণ নিয়ে এরকম তেলেসমাতি কাণ্ড অতিতে আর ঘটেনি। প্রথমে ডিসেম্বরে, এরপর ২০ ফেব্রুয়ারি- সর্বশেষ বুধবার চূড়ান্তভাবে ২৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ মেলার সময়সূচী নির্ধারিত হয়। তারা বলছেন, সংস্কৃতি মন্ত্রীর হস্তক্ষেপে এদফায় বইমেলা নিয়ে বিরাজমান অনিশ্চয়তা কেটে গেল। যদিও প্রকাশকদের একটি অংশ মনে করছে রমজান ও ঈদকে সামনে রেখে স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ায় মেলা সমাগম কম হবে যা বই বিক্রিতে প্রভাব ফেলবে।
 

প্রকাশনা শিল্পের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি একুশের বইমেলাকে তার নিজস্ব ঐতিহ্য ও নিয়মে চলতে দেয়া উচিত বলে মনে করে জানিয়েছেন, ভাষা আন্দোলনের হাত ধরেই বাঙালির স্বাধীনতা এসেছে- তাই ভাষার মাসের কোনো অশুভ শক্তি যেন নিজেদের স্বার্থ চরিতার্থ করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

 

তারা বলছেন, প্রকাশকরা সারাবছর ধরে বইমেলার দিকে তাকিয়ে বই বের করেন যাতে বেচাকেনা হয়। মেলার প্রকাশনার নেপথ্যে লক্ষ লক্ষ মানুষের সম্পৃক্ততা থাকে। বইমেলাকে কেন্দ্র করে প্রকাশনা ও মাসব্যাপি বেচাকেনার ওপর নির্ভর করে প্রকাশনা শিল্পে জড়িতদের সারাবছরের আর্থিক সংস্থান।

 

জানা যায়, বইমেলা শুরু হওয়ার পর থেকে এবছরই প্রথম পহেলা ফেব্রুয়ারি মেলা শুরু না হয়ে বিলম্বে শুরু হলো যা প্রকাশক ও লেখকদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

সব খবর