সর্বশেষ

অ্যাসাসিন

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৫
অ্যাসাসিন

জাহিদ হত্যাযোগ্য হয়ে উঠেছে।
কোন জাহিদ?
দেশে জাহিদ আছে কতজন?
জাহিদ শুমারি কখনও হয়েছে?
 

পেপার চেজ কনসালটেন্সি লিমিটেড একটা জরিপ করে দেখেছে—হত্যাযোগ্য হয়ে উঠেছে কতজন জাহিদ। র‌্যানডম স্যাম্পলিং পদ্ধতি অনুসরণ করে তারা এটা করেছে।
 

গার্ডিয়ান অ্যানজেল এজেন্সির চতুর সমন্বয়ক জরিপের সাফাই লিখেছে। কেন এই জরিপ? কেন নয়? পেপার চেজ কনসালটেন্সি সতর্কতার সঙ্গে শনাক্ত করেছে দেশের দুইশ আটজন জাহিদকে, যারা হত্যাযোগ্য হয়ে উঠেছে। এর মধ্যে সাতাত্তরজন জাহিদই উপকূলবর্তী একটা নির্দিষ্ট এলাকার।
 

ঢাকায় হত্যাযোগ্য জাহিদ আছে ছাব্বিশজন। আর্ট কালচার লাইনের চারজন :
তরল জাহিদ
সৌর জাহিদ
শতাব্দী জাহিদ
ভব জাহিদ
 

প্রথমটা আর্টিস্ট (মেয়াদোত্তীর্ণ), দ্বিতীয়টা গায়ক (মেয়াদোত্তীর্ণ), তৃতীয়টা কবি (মেয়াদোত্তীর্ণ), চতুর্থটা নাট্যাভিনেতা (মেয়াদোত্তীর্ণ)।
 

তরল জাহিদ আসলে পাবলো পিকাসো। সৌর জাহিদ আসলে মার্ক নফলার। শতাব্দী জাহিদ আসলে অ্যালেন গিন্সবার্গ। ভব জাহিদ আসলে গিরিশ কারনাড। সন্ধ্যা পর থেকে এটা বোঝা যায়। ততক্ষণে তারা ঢুকে পড়েছে শ্যালে, এরাম, পিকক, সাকুরা, রেড ড্রাগন বা পিয়াসী কোথাও। মদের বার ওসব, নামে বোঝা যায়।
 

অ্যামেচার মাতাল না তারা। মদ গিলে পাবলো পিকাসো ‘গোয়ের্নিকা’ আঁকে, ডোরা মায়ারের প্রতিকৃতি আঁকে। মার্ক নফলার ‘ওয়াটার অফ লাভ’ বাজায়, ‘ব্রাদার ইন আর্মস’ বাজায়। অ্যালেন গিন্সবার্গ ‘হাউল’ লেখে, ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ লেখে। গিরিশ কারনাড ‘শকুন্তলমের’ দুষ্মন্তের চরিত্র করে, ‘মৃচ্ছকটিকমের’ চারুদত্তের চরিত্র করে। এমত অবস্থায় তাদের হত্যা করা হলে, পাবলো পিকাসো, মার্ক নফলার, অ্যালেন গিন্সবার্গ, গিরিশ কারনাড বেঘোরে মরবে। গার্ডিয়ান অ্যানজেল এজেন্সির দায়মুক্তি তাতে প্রশ্নবিদ্ধ ও রাজনৈতিক হয়ে উঠতে পারে। মতিগতি বুঝে নিয়ে চাল দিল চতুর সমন্বয়ক। ভেক ধরল, লালসালু পরল, সৈয়দ ওয়ালিউল্লাহকে ‘জাহিদ’ ঘোষণা করল। টীকা টিপ্পনী দিল, চুয়ান্ন বছর আগেও এক সৈয়দ বর্তমান ছিলেন বটে। ওয়ালিউল্লাহ বর্তমান ছিলেন বটে। সেই সৈয়দ ওয়ালিউল্লাহ লালসালু উপন্যাস লিখেছিলেন বটে।
 

মতিচ্ছন্ন মব মনস্টাররা হামলা দিল ফোকাসড পয়েন্টে।
মাতাল তরল জাহিদ বলল, ‘আমি সৈয়দ।’
মাতাল সৌর জাহিদ বলল, ‘আমি ওয়ালিউল্লাহ।’
মাতাল শতাব্দী জাহিদ বলল, ‘আমি লালসালু।’
মাতাল ভব জাহিদ বলল, ‘আমি লিখেছি।’
মব!
 

তারা হত্যা করল তরল জাহিদ, সৌর জাহিদ, শতাব্দী জাহিদ ও ভব জাহিদকে। অল দ্য জাহিদস আর ডেড। কিন্তু এটা নিউজ হলো না।
 

আর কোনও আর্ট কালচার জাহিদ আবার নিশ্চয় হত্যাযোগ্য হয়ে উঠবে।

সব খবর