সর্বশেষ

ছায়ানটের একুশের আয়োজনে ভাষা-সংস্কৃতি সাধনার অঙ্গীকার

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০
ছায়ানটের একুশের আয়োজনে ভাষা-সংস্কৃতি সাধনার অঙ্গীকার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা-সংস্কৃতির সাধনায় ব্রতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ছায়ানট। ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা জানিয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনের মিলনায়তনে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান।

 

সম্মেলক কণ্ঠে নাজিম মাহমুদের লেখা ‘আমাদের চেতনার সৈকতে’ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সভাপতি ডা. সারওয়ার আলী। তিনি বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়েই অসাম্প্রদায়িক বাংলাদেশের বীজ রোপিত হয়েছিল, যার ধারাবাহিকতায় এসেছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা।

 

সারওয়ার আলী বলেন, “একটি জাতির পরিচয় তার ভাষায়, আর তার জীবনযাত্রার প্রকাশ ঘটে সংস্কৃতির মধ্য দিয়ে। সেই সংস্কৃতির সাধনায় ব্রতী ছায়ানট। ভাষা সবসময় ধর্মীয় পরিচয়কে উপেক্ষা করে, সকল ধর্মের মানুষকে একত্রিত করে।” তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা শহীদদের কাছে জাতি চিরঋণী; তাদের আত্মত্যাগের ভিত্তিতেই ‘বাংলাদেশ’ নামের রাষ্ট্রের জন্মকথা রচিত হয়েছে।

 

তিনি মন্তব্য করেন, একুশকে আড়াল করলে একাত্তর আড়াল হয়ে যায়, আর একাত্তরকে আড়াল করলে বাঙালি জাতিসত্তা টিকে না। তাই ২১ ফেব্রুয়ারি বাঙালির জীবনে এক পরম সত্য।

 

অনুষ্ঠানে একক ও সম্মেলক কণ্ঠে পরিবেশিত হয় দেশাত্মবোধক ও ভাষা আন্দোলনভিত্তিক গান। সুস্মিতা দেবনাথ শুচি পরিবেশন করেন অতুলপ্রসাদ সেনের ‘মোদের গরব মোদের আশা’। ইফ্‌ফাত বিনতে নাজির শোনান রবীন্দ্রনাথ ঠাকুর-এর ‘নিশিদিন ভরসা রাখিস’। ধ্রুব সরকার পরিবেশন করেন ‘সালাম সালাম হাজার সালাম’ এবং প্রিয়ন্তু দেব গেয়ে শোনান ‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে’।

 

এছাড়া ঐশ্বর্য সমদ্দার, মোহিত খান, নুসরাত জাহান রুনা, অর্ণব বড়ুয়া, ফারজানা আফরিন ইভা ও সুমন মজুমদার পর্যায়ক্রমে ভাষা আন্দোলনভিত্তিক বিভিন্ন গান পরিবেশন করেন। আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ ও দেওয়ান সাঈদুল হাসান কবিতা পাঠ করেন।

 

অনুষ্ঠানের শেষভাগে শিল্পীরা সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন আব্দুল গাফ্‌ফার চৌধুরী রচিত কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। সমাপ্তি হয় জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ পরিবেশনের মাধ্যমে।

সব খবর