সর্বশেষ

পাহাড়ি ৩৫ বিশিষ্টজনের বিবৃতি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী নিয়োগ ‘চুক্তির বরখেলাপ’

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে অপাহাড়ি ব্যক্তিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন পাহাড়ের ৩৫ জন বিশিষ্ট ব্যক্তি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম চুক্তি-এর স্পষ্ট বিধান লঙ্ঘন করা হয়েছে। তাঁরা দাবি জানান, পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে পদায়ন করতে হবে এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে পাহাড়ি আদিবাসীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।

 

বিবৃতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে রাঙামাটি-২৯৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান-কে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে পদায়নের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন মন্ত্রীর নেতৃত্বে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা ও সংকট নিরসন এবং অধিবাসীদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

 

তবে বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর মোহম্মদ হেলাল উদ্দিন-কে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চুক্তির (ঘ) খণ্ডের ১৯ ধারার পরিপন্থী। উক্ত ধারায় বলা আছে—“উপজাতীয়দের মধ্য হইতে একজন মন্ত্রী নিয়োগ করিয়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হইবে।” তাঁদের ভাষ্য, মন্ত্রী পদে চুক্তির বিধান অনুসরণ করা হলেও প্রতিমন্ত্রী পদে অপাহাড়ি ব্যক্তিকে নিয়োগ দিয়ে সরকার চুক্তির মূল চেতনাকে আঘাত করেছে।

 

বিবৃতিদাতারা উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব হলো সরকারের নীতি-নির্ধারণ প্রক্রিয়ায় পাহাড়ের অধিবাসীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং চুক্তি বাস্তবায়নে নির্বাহী সংস্থা হিসেবে কাজ করা। সে বিবেচনায় মন্ত্রণালয়–সম্পর্কিত নির্বাহী দায়িত্বে থাকা ব্যক্তিদের পাহাড়ি বা পার্বত্য অঞ্চলের অধিবাসী হওয়াই স্বাভাবিক ও যৌক্তিক। অন্যথায় পার্বত্য চট্টগ্রাম–সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় জনগোষ্ঠীর আস্থা ও অংশগ্রহণ ক্ষুণ্ন হতে পারে।

 

তাঁরা আরও বলেন, অতীতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে পাহাড়ি নাগরিকদের অংশগ্রহণ ছিল অত্যন্ত সীমিত। ফলে চুক্তির প্রস্তাবনায় উল্লেখিত—“পার্বত্য চট্টগ্রাম একটি উপজাতীয় অধ্যুষিত অঞ্চল”—এই নীতির প্রতিফলন মন্ত্রণালয়ের কাঠামো ও প্রশাসনে দৃশ্যমান হয়নি। একই সঙ্গে বিএনপির ঘোষিত ৩১ দফার ২ নম্বর দফায় উল্লিখিত ‘সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা (রেইনবো নেইশন)’ ধারণার সঙ্গেও বর্তমান সিদ্ধান্ত সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তাঁরা।

 

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, পার্বত্য অঞ্চলে আস্থা ও সম্প্রীতি বজায় রাখতে হলে চুক্তির প্রতিটি ধারা যথাযথভাবে অনুসরণ করা জরুরি। বিশেষ করে প্রতিনিধিত্বের প্রশ্নে কোনো ব্যত্যয় হলে তা নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। তাই প্রতিমন্ত্রী পদে নিয়োগ পুনর্বিবেচনা করে অন্য মন্ত্রণালয়ে পদায়নের দাবি জানান তাঁরা।

 

বিবৃতিতে স্বাক্ষর করেছেন—বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম ‘ক’ অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা; এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা; সাবেক সিভিল সার্জন ডা. মং উষা থোয়াই মারমা; জুম ঈসথেটিক কাউন্সিলের সভাপতি শিশির চাকমা; সিএইচটি রাইটার্স ইউনিয়নের সভাপতি মংক্যশৈনু (নেভী); অধ্যাপক মধুমঙ্গল চাকমা; জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল; উন্নয়নকর্মী নমিতা চাকমা; বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টুমনি চাকমা; খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নব কুমার চাকমা; চিত্রশিল্পী জিংমুলিয়ান বম; লেখক জিরকুং সাহু; লেখক ক্যসামং মারমা; প্রকৌশলী মোহনী রঞ্জন চাকমা; সুরেন্দ্র লাল চাকমা; জহর বিকাশ চাকমা; জ্ঞানেন্দু বিকাশ চাকমা; শিক্ষাবিদ প্রসন্ন কুমার চাকমা; আদিবাসী পাহাড়ী বৈদ্য শাস্ত্রীয় বহুমুখী কল্যাণ সমিতির সভাপতি শুক্র কুমার চাকমা; ইন্দুলাল চাকমা; সাংবাদিক সাথোয়াই মারমা; বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি পলাশ কুসুম চাকমা; যতীন বিহারী চাকমা; সাগর রানী চাকমা; বিজয় গিরি চাকমা; সংস্কৃতিকর্মী থুয়াসা খিয়াং; মালেকা চাকমা; হেডম্যান চন্দ্রশেখর তালুকদার; হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাঙামাটি শাখার সহসভাপতি লোমা লুসাই; সমাজকর্মী স্মৃতি শংকর চাকমা; নারীনেত্রী শান্তিমায়া ত্রিপুরা; শিল্পী জুনান তঞ্চঙ্গ্যা; মইচা প্রু মারমা; শ্যামা চাকমা; এবং সাংবাদিক ত্রিপন জয় ত্রিপুরা।

সব খবর

আরও পড়ুন

নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক নেতাদের দেশে ফিরতে প্রস্তুতির নির্দেশ শেখ হাসিনার

সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

জাইমা রহমানের ভিডিও ভাইরাল সাইবার আক্রমণের নেপথ্যে জামায়াতি ‘বট বাহিনী’

স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

বিএনপিকে রুমিন ফারহানার সতর্কবার্তা স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

অন্তর্বর্তী সরকারের ‘অতি উৎসাহ’ ছিল সন্দেহজনক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অর্থনৈতিক ঝুঁকিতে দেশ: আনু মুহাম্মদ

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা

পাহাড়ি আদিবাসীদের থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী না পেয়ে ক্ষুদ্ধ আদিবাসী নেতারা

বাংলাদেশ-ভারত সীমান্তে জামায়াতের জয় নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক আলোচনার ঝড়

বিজেপি ও তৃণমূল কংগ্রেসের পাল্টাপাল্টি ব্যাখ্যা বাংলাদেশ-ভারত সীমান্তে জামায়াতের জয় নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক আলোচনার ঝড়

রমজানে অসহায়দের পাশে দাঁড়াতে ছাত্রলীগের আহ্বান

রমজানে অসহায়দের পাশে দাঁড়াতে ছাত্রলীগের আহ্বান

দুর্নীতির সায়ে সাজাপ্রাপ্ত আমলা ইসমাইল জবিউল্লাহকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ

প্রথম দিনেই নতুন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ভঙ্গ দুর্নীতির সায়ে সাজাপ্রাপ্ত আমলা ইসমাইল জবিউল্লাহকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ