আইসিসি পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর সুপার সিক্স পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে ভারত। রবিবার (১ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়াইয়োর কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হাইভোল্টেজ এই ম্যাচে ব্যাট-বলে দাপট দেখিয়ে জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। এই জয়ে একদিকে সেমিফাইনাল নিশ্চিত হলো ভারতের, অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টা বেজে গেল পাকিস্তানের।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে। শুরুতে বৈভব সূর্যবংশী ও অ্যারন জর্জের ৪৭ রানের উদ্বোধনী জুটি ভালো ভিত গড়ে দেয়। বৈভব ২২ বলে ৩০ রান করেন, আর জর্জের ব্যাট থেকে আসে ১৬ রান। তবে মাঝের দিকে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
এই পরিস্থিতিতে দলের হাল ধরেন বেদান্ত ত্রিবেদী। দায়িত্বশীল ব্যাটিং করে ৯৮ বলে ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। এছাড়া কনিষ্ক চৌহান ৩৫, আরএস অম্বারিশ ২৯ ও খিলান প্যাটেল ২১ রান করে স্কোরবোর্ডে লড়াকু সংগ্রহ দাঁড় করান। পাকিস্তানের হয়ে আবদুল সুবহান ৩টি এবং মহম্মদ সাইয়্যাম ২টি উইকেট নেন।
জবাবে ২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতে ভালো লড়াই করলেও ভারতের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ধসে পড়ে। ওপেনার হামজা জাহুর ৪২ ও উসমান খান ৬৬ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। অধিনায়ক ফারহান ইউসুফ করেন ৩৮ রান। কিন্তু অন্য ব্যাটাররা বড় ইনিংস গড়তে ব্যর্থ হন।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৬.২ ওভারে ১৯৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারতের হয়ে খিলান প্যাটেল ও অধিনায়ক আয়ুষ মাহত্রে ৩টি করে উইকেট নেন। এছাড়া অম্বারিশ, হেনিল প্যাটেল, কনিষ্ক চৌহান ও মালহোত্রা একটি করে উইকেট শিকার করেন।
ব্যাট-বলে অসাধারণ পারফরম্যান্সে ম্যাচের সেরা নির্বাচিত হন কনিষ্ক চৌহান।