সর্বশেষ

শিরোপার লড়াইয়ের আগে টিকিট ও হোটেল ভাড়ায় উন্মাদনা

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ০৫:০৭
টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ (রোববার) মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ইতিহাস গড়ে তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে ভারত, অন্যদিকে প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড।

 

ভারত এখন পর্যন্ত দুটি টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপা জেতে তারা। এরপর ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ট্রফি ঘরে তোলে টিম ইন্ডিয়া। এই দুই শিরোপার সুবাদে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের সঙ্গে যৌথভাবে সর্বাধিক শিরোপা জয়ের রেকর্ডে রয়েছে ভারত। এবার সেই রেকর্ড ছাড়িয়ে এককভাবে শীর্ষে ওঠার সুযোগ তাদের সামনে।

 

চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে ভারত। গ্রুপ পর্বে চার ম্যাচের সবগুলোতেই জয় পায় তারা। এরপর সুপার এইটে তিন ম্যাচ খেলে দুটি জয় নিয়ে সেমিফাইনালে ওঠে। মুম্বাইয়ে অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করে ভারত।

 

 

সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রানের বিশাল সংগ্রহ গড়ে টিম ইন্ডিয়া। ওপেনার সঞ্জু স্যামসনের ৮৯ রানের ঝড়ো ইনিংসে বড় স্কোর পায় দলটি। জবাবে জ্যাকব বেথেলের সেঞ্চুরিতে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৪৬ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস।

 

ফাইনালের আগে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, দলের সামনে তৃতীয় শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ এসেছে। তিনি বলেন, “রেকর্ড গড়ার সুযোগ আমাদের সামনে। দল হিসেবে আমরা ধারাবাহিক ভালো ক্রিকেট খেলেছি। ফাইনালেও সেরাটা দিতে চাই।”

 

অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য এই ফাইনাল বিশেষ তাৎপর্যপূর্ণ। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে এখন পর্যন্ত বিশ্বকাপ জেতেনি কিউইরা। এর আগে ২০২১ সালের ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হতে হয়েছিল তাদের।

 

চলতি আসরে গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়ে সুপার এইটে ওঠে নিউজিল্যান্ড। সুপার এইটে তিন ম্যাচে একটি জয়, একটি হার এবং একটি পরিত্যক্ত ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তারা সেমিফাইনালে জায়গা করে নেয়। রান রেটে এগিয়ে থাকায় পাকিস্তানকে পেছনে ফেলে শেষ চারে ওঠে দলটি।

 

 

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। ফিন অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরিতে ফেবারিট দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় কিউইরা। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭০ রানের লক্ষ্য মাত্র ৩৩ বল খেলেই ১০টি চার ও ৮টি ছক্কায় অপরাজিত ১০০ রান করেন অ্যালেন।

 

ফাইনালের আগে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, “আমরা এখনও টি–টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারিনি, যা হতাশাজনক। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে চাই। ভারতের বিপক্ষে তাদের মাঠে খেলাটা অবশ্যই চ্যালেঞ্জিং, কিন্তু আমরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।”

 

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে ভারত। টি–টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩০ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ভারত জিতেছে ১৬টি ম্যাচে, নিউজিল্যান্ডের জয় ১১টি। তিনটি ম্যাচ টাই হয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে তিনবার দেখা হলেও প্রতিবারই জয় পেয়েছে নিউজিল্যান্ড।

 

ফাইনাল ঘিরে দর্শকদের উন্মাদনাও তুঙ্গে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লাখের বেশি দর্শক উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। টিকিটের চাহিদা এতটাই বেশি যে বাজারে এর দাম কয়েকগুণ বেড়ে গেছে।

 

অনলাইন প্ল্যাটফর্ম বুকমাইশোতে দুই হাজার রুপির টিকিট কয়েক মিনিটেই শেষ হয়ে যায়। এরপর কালোবাজারে সাড়ে তিন হাজার রুপির টিকিট বিক্রি হচ্ছে ৫০ হাজার রুপিরও বেশি দামে। অনেক সমর্থক বাধ্য হয়ে কয়েকগুণ বেশি দাম দিয়ে টিকিট কিনছেন।

 

একজন দর্শক জানান, অপেক্ষমাণ তালিকা থেকে টিকিট না পাওয়ায় তাকে তিন হাজার রুপির টিকিট ৩৫ হাজার রুপিতে কিনতে হয়েছে। টিকিট পুনর্বিক্রির জন্য বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও লেনদেন চলছে বলে জানা গেছে। ইতোমধ্যে অতিরিক্ত দামে টিকিট বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে আহমেদাবাদ পুলিশ।

 

 

শুধু টিকিটই নয়, ম্যাচকে ঘিরে আহমেদাবাদে হোটেল ভাড়াও আকাশচুম্বী হয়ে উঠেছে। সাধারণ সময়ে চার হাজার রুপির হোটেল কক্ষ এখন ৪০ হাজার রুপি পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। উচ্চমূল্য হলেও স্টেডিয়ামের আশপাশের বেশিরভাগ হোটেল ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে।

 

এদিকে ফাইনাল ম্যাচ পরিচালনার জন্য ম্যাচ অফিসিয়ালদের নামও ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার আল্লাউদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।

 

ফাইনাল ঘিরে আবহাওয়ার পূর্বাভাস আপাতত ভালো হলেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে আইসিসির বিশেষ নিয়ম প্রযোজ্য হবে। নির্ধারিত দিনে ম্যাচ শেষ করার জন্য অতিরিক্ত সময় রাখা হয়েছে। প্রয়োজনে ওভার কমিয়ে ম্যাচ শেষ করার চেষ্টা করা হবে। সেটিও সম্ভব না হলে খেলা গড়াবে রিজার্ভ ডেতে। তবে রিজার্ভ ডেতেও ম্যাচ শেষ করা না গেলে দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে।

 

সব মিলিয়ে ইতিহাস গড়ার সুযোগ নিয়ে মাঠে নামছে ভারত, আর প্রথম শিরোপার স্বপ্নে বিভোর নিউজিল্যান্ড। ক্রিকেট বিশ্বের নজর এখন আহমেদাবাদের সেই ফাইনাল মঞ্চের দিকেই।

সব খবর

আরও পড়ুন

ঢাকায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

বিশ্বকাপের লক্ষ্য সামনে রেখে নতুন শুরু ঢাকায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের

একপেশে ফাইনালে রানের পাহাড়ে বিশ্বজয় নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের

সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬ সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ

ছোট দলগুলোর বড় চমক টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ

সুপার এইটের ৮ দলের গ্রুপ ও পূর্ণ সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সুপার এইটের ৮ দলের গ্রুপ ও পূর্ণ সূচি

২০২৭ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দিলেন না সাকিব আল হাসান

২০২৭ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দিলেন না সাকিব আল হাসান

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সুপার এইটে পৌঁছে গেল ভারত

কিষানের ঝড়ো ব্যাটিংয়ে ৬১ রানের জয় পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সুপার এইটে পৌঁছে গেল ভারত

ভারত-পাক মহারণ ২২ গজে গড়াবে আজ

কলম্বোয় উত্তেজনার মাঝে বৃষ্টির শঙ্কা ভারত-পাক মহারণ ২২ গজে গড়াবে আজ