সর্বশেষ

ময়মনসিংহের ত্রিশালে দোকানে ঢুকে ব্যবসায়ী যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০
ময়মনসিংহের ত্রিশালে দোকানে ঢুকে ব্যবসায়ী যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিজ দোকানের ভেতরে এক চাল ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর দুর্বৃত্তরা দোকানের শাটার নামিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সোমবার (রাত ১১টার দিকে) উপজেলার বগার বাজার চৌরাস্তায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন।

 

নিহত সুসেন চন্দ্র সরকার (৬২) স্থানীয় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে একটি চালের আড়তের মালিক। তিনি উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা এবং  ত্রিশাল উপজেলার হরিরাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। 

 

পুলিশ জানায়, রাতের কোনো একসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় দোকানের ভেতরে ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা রাত পর্যন্ত তার কোনো খোঁজ না পেয়ে দোকানে এসে শাটার খুলে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

 

পরে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের ছেলে সুজন সরকার অভিযোগ করে বলেন, “আমাদের সঙ্গে কারো শত্রুতা ছিল না। বাবাকে নির্মমভাবে হত্যা করার পর দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।” তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি ফিরোজ হোসেন বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সব খবর