সর্বশেষ

কৃষিখাতে বিপর্যয়ের শঙ্কা

গ্যাস সংকটে ১৫ দিনের জন্য বন্ধ চার রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানা

প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ১৭:৪৯
গ্যাস সংকটে ১৫ দিনের জন্য বন্ধ চার রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানা

দেশে গ্যাস সরবরাহ সংকটের কারণে চারটি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীন পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে বর্তমানে কেবল একটি কারখানা চালু রয়েছে।

 

বিসিআইসি সূত্রে জানা গেছে, ঘোড়াশালের পলাশ ফার্টিলাইজার কোম্পানি, চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি, যমুনা ফার্টিলাইজার কোম্পানি এবং আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানিতে আগামী ১৫ দিনের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে। বর্তমানে কেবল শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে উৎপাদন কার্যক্রম চালু আছে।

 

বিসিআইসির পরিচালক (উৎপাদন ও গবেষণা) মনিরুজ্জামান শুক্রবার বলেন, গ্যাস সংকটের কারণে আপাতত ১৫ দিনের জন্য এসব কারখানায় উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

তিনি জানান, বিসিআইসির অধীন পাঁচটি ইউরিয়া কারখানা পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতিদিন প্রায় ১৯৭ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস প্রয়োজন হয়। বর্তমানে চালু থাকা শাহজালাল ফার্টিলাইজার কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় এক হাজার ৩০০ মেট্রিক টন ইউরিয়া সার।

 

এদিকে গ্যাস সংকটের প্রভাব পড়েছে বেসরকারি খাতেও। চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ রেখেছে। ফলে সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশের ছয়টি ইউরিয়া সার কারখানার মধ্যে পাঁচটিতেই বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে।

 

এ অবস্থায় কৃষি খাতে সার সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মজুত ও আমদানির মাধ্যমে প্রয়োজনীয় সরবরাহ বজায় রাখার চেষ্টা করা হবে।

 

অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জ্বালানি ব্যবহারে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

 

বৃহস্পতিবার জারি করা নির্দেশনায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমানো, গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার এড়িয়ে চলা এবং পাইপলাইনের লিকেজ দ্রুত মেরামতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি তেল সাশ্রয়ের জন্য ব্যক্তিগত যানবাহনের বদলে গণপরিবহন ব্যবহার এবং অপ্রয়োজনীয় যাতায়াত কমানোর আহ্বান জানানো হয়েছে।

সব খবর