সর্বশেষ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৮:৫৩
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

অধিবেশন শুরুর আগে সংসদ কক্ষে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনের সভাপতি হিসেবে প্রস্তাব করেন। তার প্রস্তাব সমর্থন করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলীয় জোটের পক্ষ থেকেও এই প্রস্তাবে সমর্থন জানানো হয়।

 

 

সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একটি মাত্র মনোনয়ন জমা পড়েছে। মনোনীত ব্যক্তি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি দায়িত্ব পালনে সম্মত আছেন বলে জানান সভাপতি। এরপর সংসদ সদস্য নুরুল ইসলাম স্পিকার পদে তার নাম প্রস্তাব করেন এবং সংসদ সদস্য রকিবুল ইসলাম প্রস্তাবটি সমর্থন করেন। প্রস্তাবটি সংসদে উপস্থাপন করা হলে কণ্ঠভোটে তা সর্বসম্মতভাবে গৃহীত হয় এবং হাফিজ উদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।

 

এরপর ডেপুটি স্পিকার পদে একমাত্র মনোনয়ন পাওয়া যায় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের। সভাপতি জানান, তিনিও দায়িত্ব পালনে সম্মত আছেন। সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার তার নাম প্রস্তাব করেন এবং সংসদ সদস্য আশরাফউদ্দিন তা সমর্থন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত হলে কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

 

 

দুপুর ১২টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে শপথ পাঠ করান। পরে ডেপুটি স্পিকার কায়সার কামালও রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর স্পিকার হিসেবে প্রথমবারের মতো সংসদের কার্যক্রম পরিচালনা করেন হাফিজ উদ্দিন আহমদ।

 

দুপুরে জোহরের নামাজের বিরতির পর স্পিকারের সভাপতিত্বে সংসদ অধিবেশন পুনরায় শুরু হয়। স্পিকার হিসেবে প্রথম বক্তব্যে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “সবার আগে বাংলাদেশ—এই হোক আমাদের মূলমন্ত্র।” তিনি বলেন, জনগণ সংসদের কার্যক্রম দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং এই সংসদ গণতন্ত্রের প্রতীক হিসেবে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

মুক্তিযোদ্ধা হিসেবে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের ইতিহাসে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথাও তুলে ধরেন। তার বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন সময় দেশে স্বৈরশাসনের আবির্ভাব ঘটেছে, কিন্তু জনগণ বারবার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে।

 

স্পিকার জুলাই আন্দোলনে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানান। তিনি শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ এবং ওয়াসিমের নাম উল্লেখ করে বলেন, তাদের আত্মত্যাগ দেশের গণতন্ত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

 

নিরপেক্ষভাবে সংসদ পরিচালনার স্বার্থে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান। তিনি আশা প্রকাশ করেন যে সরকার ও বিরোধী দল উভয়েই জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে এবং সংসদকে প্রাণবন্ত করে তুলবে।

 

 

স্পিকারের বক্তব্যের পর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, “আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।” তিনি আরও বলেন, দেশে কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা আবারও শুরু হয়েছে এবং একটি সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

 

প্রধানমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বলেন, সংসদকে প্রাণবন্ত করতে স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকার পক্ষ থেকে তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

 

অধিবেশনে বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও বক্তব্য রাখেন। তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বলেন, সংসদ পরিচালনার ক্ষেত্রে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য করা হবে না—এমনটাই প্রত্যাশা করেন তারা। তিনি বলেন, “আমরা স্পিকারের কাছ থেকে ইনসাফ আশা করি।”

 

তিনি আরও বলেন, এবারের সংসদে অনেক নতুন ও তরুণ সংসদ সদস্য রয়েছেন, যা সংসদের কার্যক্রমকে আরও প্রাণবন্ত করবে বলে তিনি আশা করেন।

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদের এই অধিবেশনে অনেক নতুন মুখ প্রথমবারের মতো অংশ নিয়েছেন। সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে প্রায় ২২৫ জনই প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে অধিবেশনে যোগ দেন। তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধি হিসেবে সংসদে প্রবেশ করলে সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান।

 

একইভাবে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানও প্রথমবার সংসদ সদস্য হিসেবে সংসদে প্রবেশ করেন। তিনি ঢাকা-১৫ আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসেন।

 

অধিবেশনের প্রথম দিনে রেওয়াজ অনুযায়ী শোকপ্রস্তাবও উপস্থাপন করা হয়। এতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া জুলাই আন্দোলনে নিহতদের স্মরণেও শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।

 

শোকপ্রস্তাব নিয়ে আলোচনা শেষে প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

 

এদিকে রাষ্ট্রপতির ভাষণের আগে সংসদে কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। জামায়াত জোটের সংসদ সদস্যরা ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। স্পিকার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। পরে রাষ্ট্রপতি বক্তব্য শুরু করলে বিরোধী জোটের সদস্যরা ওয়াকআউট করেন।

সব খবর

আরও পড়ুন

একাত্তরের যুদ্ধাপরাধীদের জন্যও শোক জানালো জাতীয় সংসদ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন একাত্তরের যুদ্ধাপরাধীদের জন্যও শোক জানালো জাতীয় সংসদ

জ্বালানি সংকটে ভারতের কাছেই আনুষ্ঠানিকভাবে সহায়তা চাইল বাংলাদেশ

বিএনপি সরকারের ভারত নির্ভরতা জ্বালানি সংকটে ভারতের কাছেই আনুষ্ঠানিকভাবে সহায়তা চাইল বাংলাদেশ

বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন

মাসে ২০ হাজার টন ভারতীয় ডিজেল আনার সম্ভাবনা বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন

নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

পুলিশ প্রশাসনে বড় রদবদল নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

জ্বালানির পর সার নিয়েও শঙ্কায় বাংলাদেশ

মধ্যপ্রাচ্য যুদ্ধ জ্বালানির পর সার নিয়েও শঙ্কায় বাংলাদেশ

ফেব্রুয়ারিতে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৭

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন ফেব্রুয়ারিতে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৭

আরও একদিন বাড়লো ঈদের ছুটি

টানা সাত দিনের অবকাশ আরও একদিন বাড়লো ঈদের ছুটি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

স্বার্থের দ্বন্দ্ব ও দায়বদ্ধতার প্রশ্নে আপত্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির