নির্বাচন ঘিরে নিরাপত্তা উদ্বেগের মধ্যে নেত্রকোণায় রাতের আঁধারে চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে সদর ও পূর্বধলা উপজেলার পৃথক চারটি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, রাত ২টা থেকে ভোররাতের মধ্যে কোনো একসময় কে বা কারা পরিকল্পিতভাবে এসব কেন্দ্র লক্ষ্য করে আগুন দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চটের বস্তায় কেরোসিন বা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে বিদ্যালয়ের কক্ষের ভেতরে নিক্ষেপ করা হয়। তবে দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
অগ্নিসংযোগ করা কেন্দ্রগুলো হলো—নেত্রকোণা সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পুলিশ বলছে, ঘটনাগুলো ভোটকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি ও নির্বাচন প্রক্রিয়া বিঘ্নিত করার অপচেষ্টা হতে পারে। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
এদিকে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন।
প্রশাসনের দাবি, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হবে। তবে স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের নাশকতা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি বলেও মনে করছেন সচেতন মহল।